তারিখ: ১৫ অক্টোবর, ২০২৬
স্থান: ড্যাফোডিল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (DIET)
দক্ষতাভিত্তিক কারিগরি শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে DIET Polytechnic-এর নতুন যাত্রা
ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: নবীন শিক্ষার্থীদের দক্ষতাভিত্তিক কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং ভবিষ্যৎ কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার জন্য প্রস্তুত করার লক্ষ্যে ড্যাফোডিল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (DIET Polytechnic)-এ অনুষ্ঠিত হয়েছে ‘Skills to Employment: Vision 2030’ শীর্ষক বিশেষ নবীনবরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম। বৃহস্পতিবার ড্যাফোডিল প্লাজার ৭১ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল “Learn → Work → Earn” অর্থাৎ শেখা, অর্জিত দক্ষতার প্রয়োগ এবং সেই দক্ষতার মাধ্যমে কর্মজীবন গড়ে তোলা।
ড্যাফোডিল গ্রুপের Skills & Employment Ecosystem-এর উদ্যোগে এবং DIET Polytechnic ও Global Entrepreneurship Network Bangladesh-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী কারিগরি দক্ষতা, ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জ্ঞান, যোগাযোগদক্ষতা, পেশাগত সক্ষমতা এবং শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী প্রস্তুত করে তোলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির (NSDA) এক্সিকিউটিভ চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাওসার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের iDEA প্রকল্পের অ্যাডভাইজর সিদ্ধার্থ গোস্বামী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) ড. মোহাম্মদ নুরুজ্জামান, ড্যাফোডিল গ্রুপের Skills & Employment Ecosystem-এর নির্বাহী পরিচালক ড. কে এম হাসান এবং DIET

Polytechnic-এর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ আব্দুল হাকিম। এ ছাড়া প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, বিভাগীয় প্রধান, কর্মকর্তা ও নবীন শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অতিথিদের স্বাগত জানানো হয় এবং শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করা হয়।

বক্তারা দক্ষতাভিত্তিক শিক্ষা, কর্মমুখী প্রশিক্ষণ, প্রযুক্তিগত জ্ঞান, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার কার্যকর সংযোগের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা, যোগাযোগদক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজেদের কর্মজীবনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে DIET Polytechnic-এর দক্ষতাভিত্তিক শিক্ষা মডেল ও ২০৩০ সালের কর্মসংস্থানমুখী দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়। এই মডেলে আট সেমিস্টারজুড়ে ধাপে ধাপে শিক্ষার্থীদের জীবনদক্ষতা, ইংরেজি ও যোগাযোগদক্ষতা, ডিজিটাল ও AI-ভিত্তিক দক্ষতা, বিভাগভিত্তিক কারিগরি জ্ঞান, বিদেশি ভাষা শিক্ষা, বাস্তব কর্মপরিবেশে অভিজ্ঞতা এবং শিল্পপ্রতিষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের মাধ্যমে পেশাগত জীবনের জন্য প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা যেন ডিপ্লোমা অর্জনের পাশাপাশি নিজেদের বাস্তব দক্ষতা প্রদর্শন করতে পারে এবং চাকরি ও উদ্যোক্তা হওয়ার সম্ভাব্য পথগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা পায়, সেই লক্ষ্য সামনে রাখা হয়েছে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ। Bangladesh Innovation Fair 2026-ভিত্তিক উপস্থাপনা প্রতিযোগিতায় CST-এর Shamsun Nahar Tamim প্রথম এবং Textile Technology-এর Md. Maruf Hassan দ্বিতীয় স্থান অর্জন করেন। পোস্টার প্রতিযোগিতায় Jannatul Ferdosh প্রথম ও Ruma Akter দ্বিতীয় হন। ‘Skill Journey 2030’ সোশ্যাল মিডিয়া প্রতিযোগিতায় Mustafizur Rhaman Arafat এবং হাতের লেখা প্রতিযোগিতায় Shamsun Nahar Tamim প্রথম ও Md. Yeasin Arafat দ্বিতীয় স্থান অর্জন করেন। অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।


অনুষ্ঠানের শেষ পর্বে DIET Cultural Club-এর সদস্যরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এতে শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা ও সাংস্কৃতিক দক্ষতার প্রকাশ ঘটে। অনুষ্ঠানে অতিথিদের DIET Polytechnic-এর লোগোসংবলিত ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয় এবং দলীয় আলোকচিত্র ধারণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক পর্বের সমাপ্তি ঘটে। পরে শিক্ষার্থীদের জন্য আপ্যায়ন ও রিফ্রেশমেন্টের আয়োজন করা হয়।
‘Skills to Employment: Vision 2030’ উদ্যোগের মাধ্যমে DIET Polytechnic কারিগরি শিক্ষাকে বাস্তব দক্ষতা, কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছে। এই উদ্যোগের দর্শন হলো – শিক্ষার্থীরা প্রথমে জ্ঞান অর্জন করবে, অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব কাজে প্রয়োগ করবে এবং সেই দক্ষতার মাধ্যমে সম্মানজনক কর্মজীবন কিংবা উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা তৈরি করবে।

অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের প্রকৌশল শিক্ষার নতুন যাত্রাকে স্বাগত জানানোর পাশাপাশি তাঁদের সামনে দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের একটি সুস্পষ্ট দিকনির্দেশনা তুলে ধরা হয়। “Learn → Work → Earn” দর্শনকে ধারণ করে DIET Polytechnic দক্ষ, উদ্ভাবনী, আত্মবিশ্বাসী ও শিল্প-উপযোগী মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
আয়োজনে:
ড্যাফোডিল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি
সম্পাদনায়:
মোঃ মাহমুদ হাসান।
